বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমাকে চন্দনাইশ পৌরসভায় বদলি করা হলেও তিনি নির্ধারিত কর্মস্থলে যোগদান না করে আগের কর্মস্থল কক্সবাজার পৌরসভায় ফিরে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে চন্দনাইশ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) থেকে জারি করা প্রজ্ঞাপনে পরাক্রম চাকমাকে চন্দনাইশ পৌরসভায় পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে গত ১৫ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়। এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৬ জুলাই থেকে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
তবে অভিযোগ রয়েছে, জুলাই মাস শেষ হয়ে আগস্ট শুরু হলেও তিনি এখনও চন্দনাইশ পৌরসভায় যোগদান করেননি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে পুনরায় কক্সবাজার পৌরসভায় বদলির জন্য ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদবির করছেন, যা সরকারি বদলি নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, “পরাক্রম চাকমা চন্দনাইশ পৌরসভায় যোগদান করতে চাচ্ছেন না। তিনি আগের কর্মস্থল কক্সবাজার পৌরসভায় ফিরে যেতে চান। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।”
অভিযোগের বিষয়ে জানতে পরাক্রম চাকমার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তাঁর ব্যবহৃত হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদের এক কর্মকর্তা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরাক্রম চাকমা জেলা পরিষদে যোগ দেন। পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে ২০২৬ সালের ১৬ এপ্রিল নিয়ম অনুযায়ী দিদারুল আলমকে পদায়ন করা হয়। তবে অভিযোগ রয়েছে, পরাক্রম চাকমা এখনও দায়িত্ব পুরোপুরি হস্তান্তর না করে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।
চন্দনাইশ পৌরসভায় যোগদানের বিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক মো. রাজীব হোসেন বলেন, “এখনও কেউ এখানে যোগদান করেননি। বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে কি না, সেটিও আমার জানা নেই।”
এদিকে, পরাক্রম চাকমার কক্সবাজার পৌরসভায় পুনরায় যোগদানের সম্ভাবনা ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার পৌরসভার একাধিক কর্মকর্তা দাবি করেন, অতীতে পরাক্রম চাকমার কর্মকাণ্ড নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল। তাঁদের আশঙ্কা, তাঁকে পুনরায় কক্সবাজার পৌরসভায় পদায়ন করা হলে নতুন করে বিতর্কের সৃষ্টি হতে পারে।
কক্সবাজারের কয়েকজন স্থানীয় বাসিন্দাও বলেন, পরাক্রম চাকমা সাবেক মেয়র মুজিব ও মাহাবুবের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন সাবেক দুই মেয়রের সাথে তিনি নানান দুর্নীতিতে জড়িয়ে ছিলেন। বিতর্কিত অভিযোগে আলোচিত এই কর্মকর্তাকে পুনরায় একই কর্মস্থলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলে তা জনস্বার্থের পরিপন্থী হতে পারে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আরো পড়ুন→বান্দরবানে ভাঙ্গা কাপে চা দেওয়াকে কেন্দ্র করে দোকানির উপর হামলা
No tags found for this post.
মন্তব্য করুন