বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ ২৫ অক্টোবর। তিন মাসের বর্ষাবাস শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদ্যাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে পাহাড়ি জেলা বান্দরবানে বিরাজ করছে উৎসবের আমেজ।
বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস ভিক্ষুরা বর্ষাবাস পালন করেন। এ সময়ে তাঁরা ধর্মচর্চা, ধ্যান ও আত্মশুদ্ধিতে মনোনিবেশ করেন। বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত হয়। এ উৎসবের মূল শিক্ষা হলো আত্মসমালোচনা, সংযম, মৈত্রী ও করুণার চর্চার মাধ্যমে শান্তিপূর্ণ জীবন গড়ে তোলা।
বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মঙ্গল রথযাত্রা, ফানুস উত্তোলন, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও পাড়াভিত্তিক পিঠা তৈরির উৎসব। আগামীকাল ২৬ অক্টোবর মঙ্গল রথযাত্রা এবং ২৭ অক্টোবর ফানুস উত্তোলন ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের কর্মসূচি রয়েছে।
স্থানীয় মারমা সম্প্রদায়ের কাছে এ উৎসব ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়ে’ তঞ্চঙ্গ্যা , চাকমাদের ওয়া নামেও পরিচিত। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ উৎসব পাহাড়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ প্রকাশ।
প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে দান, শীল, ভাবনা ও মানবকল্যাণের চর্চা আরও জোরদার হয়। বান্দরবানের এই উৎসব মানুষের মধ্যে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে—এমন প্রত্যাশা সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের।
No tags found for this post.
মন্তব্য করুন