রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে—রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, লঞ্চঘাট এবং পাহাড়িকা বাস কাউন্টারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় চালক, যাত্রী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে সড়ক ও নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক আইন ও নৌ আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল থেকে বিরত রাখতে হবে।
নৌপথে দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন না করা, যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট নৌ আইন যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে নৌযানের চালক ও মালিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের রাঙামাটি জেলা সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, সংগঠক মো. ইভান শফি, সদস্য মো. শাহ আলম ও মো. ইমরান।

এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশের সদস্য, স্থানীয় যানবাহন চালক এবং সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।
সড়ক ও নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় পথচারী ও চালকরা। সংশ্লিষ্টদের মতে, আইন মেনে চলা, চালক-যাত্রীদের সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণ দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
No tags found for this post.
মন্তব্য করুন