ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় রাঙামাটির কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) ১ নম্বর জিপি গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়।
এ সময় নিঠু মারমা (৩৩) ও সুপ্রিয় চাকমা (২০) নামে দুজনকে আটক করে বিজিবি। তাদের কাছ থেকে একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড এবং ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা টাকা, সিএনজি ও অন্যান্য মালামালসহ উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।
আটক দুই ব্যক্তি, জব্দ করা টাকা, মালামাল ও সিএনজি অটোরিকশা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাপ্তাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন