জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী এক মাসের মধ্যে তিন পার্বত্য জেলার সব উপজেলায় দলীয় কমিটি গঠন করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বুধবার (২৬ আগস্ট) রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে এনসিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত রাঙ্গামাটিতে সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সারজিস আলম বলেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা শাখার কমিটি গঠন করা হবে। এরপর এক মাসের মধ্যে তিন পার্বত্য জেলার সব উপজেলায় কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তিন পার্বত্য জেলার জেলা পরিষদকে কোনো রাজনৈতিক দলের স্থানীয় কমিটিতে পরিণত করা উচিত নয়। জনগণের প্রত্যক্ষ ভোটে জেলা পরিষদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। পার্বত্য অঞ্চলের মানুষের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবা নিয়েও কথা বলেন সারজিস। তিনি তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের হাসপাতাল প্রয়োজন বলেও উল্লেখ করেন।
এনসিপির কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কার্যক্রম ভালো লাগলে আমাদের সঙ্গে আসেন, আর যদি ভালো না লাগে তাহলে আসার দরকার নেই।’
সভায় এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজাউদ্দিন, যুগ্ম সদস্য-সচিব (দপ্তর) সারোয়ার তুষার, যুগ্ম সদস্য-সচিব প্রিয় চাকমা, রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মো. সোয়েব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন চৌধুরীসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শহীদুল ইসলাম খান ও শাহীদুল আলম শাকিল।
সভায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য-সচিব (দপ্তর) সারোয়ার তুষার। বক্তব্যের শুরুতে তিনি রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার অন্যতম নেতা ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমাকে স্মরণ করেন।
সারোয়ার তুষার বলেন, জাতি হিসেবে তারা বাংলাদেশি জাতীয়তাবাদী মতবাদের সঙ্গে একমত। তিনি ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’, ‘উপজাতি’ ও ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন এবং দেশের সব নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পরিচিত করার কথা জানান।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে এসে কাউকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
মতবিনিময় সভায় এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরো পড়ুন→ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ
No tags found for this post.
মন্তব্য করুন