বান্দরবানের রুমা উপজেলার গালেংগ্যা ইউনিয়নে জমি চাষের সময় পাওয়ার টিলার উল্টে মো. মানিক মিয়া (৪৪) নামে এক চালক নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রুমা উপজেলার ৩ নং গ্যালেঙ্গ্যা ইউনিয়নের সেপ্রু পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। চীনা বাদাম চাষের উপযোগী করতে জমিতে হালচাষ করার সময় উঁচু-নিচু ভূমিতে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে চালক মানিক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইঞ্জিনচালিত নৌকায় করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুর রহমান (আরএমও) তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মানিকের স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর সদর উপজেলার হেতিমপুর, খিলবাইছা এলাকায়। তার বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি অস্থায়ীভাবে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজার এলাকায় বসবাস করতেন।
এদিকে নিহতের মরদেহ তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুরে পাঠানোর জন্য বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No tags found for this post.
মন্তব্য করুন