কাপ্তাই হ্রদের পানির উচ্চতা নিয়ন্ত্রণে জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হয়েছে।
শনিবার রাতে জলকপাট ৬ ইঞ্চি খোলা হলেও হ্রদে পানির চাপ বাড়তে থাকায় পরবর্তীতে তা ১ ফুট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।বর্তমানে স্পিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ১৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। পাশাপাশি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সচল ৫টি ইউনিটে পূর্ণদমে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।
স্পিলওয়ে ও বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পানি নিষ্কাশন—দুই মাধ্যম মিলিয়ে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে মোট প্রায় ৫০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
পানির এই বিপুল প্রবাহের কারণে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদীতে চলাচলকারী নৌযান ও জেলেদেরও বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।এদিকে কাপ্তাই হ্রদের পানির চাপ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী জলকপাটের নিয়ন্ত্রণে পরিবর্তন আনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
No tags found for this post.
মন্তব্য করুন