কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের মাধ্যমে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৯ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল-এ পৌঁছেছে। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার রাত ১০টা নাগাদ স্পিলওয়ের ১৬টি (ষোল) গেট ৬ (ছয়) ইঞ্চি পরিমাণ উঁচু করে কাপ্তাই হ্রদ থেকে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। এতে প্রাথমিকভাবে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে।কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে হ্রদের পানির উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লোর তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ের গেট খোলার সময় এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। একই সঙ্গে ইনফ্লো বেশি হলে পর্যায়ক্রমে গেট খোলার পরিমাণও বাড়ানো হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।এদিকে স্পিলওয়ের গেট খোলার ফলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমতে বা ভাটির দিকে পানির প্রবাহ বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও নদী-হ্রদে চলাচলকারী সবাইকে পরিস্থিতি অনুযায়ী সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন