নাইক্ষ্যংছড়ি পার্শ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বন্যার পানিতে পড়ে নিরঞ্জন দাশ (৬৫) নামে এক সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়িস্থ তার কর্মস্থল থেকে আসার পথে গর্জনিয়া বাজার-নাইক্ষ্যংছড়ি সংযোগ সড়কের কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের বিলের মাঝখানে একটি কালভার্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরঞ্জন দাশ কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি পূর্ব দাশপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য বিমল দাশের বড় ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে তলিয়ে থাকা সড়ক পার হওয়ার সময় নিরঞ্জন দাশের পা ফসকে যায়। এতে তিনি প্রবল স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করেন। পরে নৌকাযোগে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি সভাপতি ছৈয়দ আলম বন্যাকবলিত সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
আরো পড়ুন→বন্যায় ভেসে গেল রোয়াংছড়ির কৃষকের স্বপ্ন
No tags found for this post.
মন্তব্য করুন