“সুস্থ চোখ, সুন্দর জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে বান্দরবান সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বৃহৎ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।
আগামী ৪ঠা জুলাই ২০২৬ (শনিবার) বান্দরবান সদর উপজেলাধীন রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হবে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ: কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মার্মা-এর উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে কারিগরি ও চিকিৎসাগত সহযোগিতা প্রদান করবে স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল’।
এদিকে চক্ষু চিকিৎসা ক্যাম্পটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ২৯শে জুন (সোমবার) বিকাল ৩ টায় বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়ন পরিষদের হল রুমে এক সমন্বয় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মার্মার সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়।
উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সভাপতি উছোমং মার্মা। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সম্মানিত সদস্য প্রকৃতি বড়ুয়া, সাইফুল আলম, কুহালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং কার্বারীবৃন্দ।
সমন্বয় সভায় বক্তারা বলেন, “ভৌগোলিক দুর্গমতার কারণে পার্বত্য অঞ্চলের বহু মানুষ নিয়মতান্ত্রিক আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকেন। তাই প্রত্যন্ত ও পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ যেন এই ক্যাম্প থেকে সর্বোচ্চ চক্ষু সেবা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।
একই সাথে ক্যাম্পটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানান বক্তারা।
আরো পড়ুন→৪ জুলাইয়ের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ঘিরে জামছড়িতে প্রস্তুতি সভা
No tags found for this post.
মন্তব্য করুন