জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় হামে আক্রান্ত শিশুদের টিকাদান এবং সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার দোছড়ি ইউনিয়নের ইয়াংনিপাড়া সীমান্ত এলাকায় শিশুদের হামে আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর মেডিকেল অফিসারসহ একটি চিকিৎসা দল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।বিজিবির প্রেস রিলিজ অনুযায়ী, কর্মসূচির আওতায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীন মিলেনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম পাহাড়ি এলাকায় হামে আক্রান্ত ৪৫ জন শিশুকে হামের টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
একইসঙ্গে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত প্রায় ১০৫ জন দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি জানায়, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনবান্ধব ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি বলেন, সীমান্তবর্তী জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ ব্যবস্থাপনায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকের আয়োজন বিজিবির চলমান মানবিক কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
No tags found for this post.
মন্তব্য করুন