বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফাক্রিকাটা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবা, একটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০-এর দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর বিশেষ টহলদল ফাক্রিকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে শফিকুল হাসান (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আদর্শগ্রাম মুরাকাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ২০ হাজার ২০ পিস বার্মিজ ইয়াবা ও একটি রেডমি নোট ১৩ মোবাইল ফোন উদ্ধার করা হয়।অভিযানের সময় মো. রুবেল মিয়া (৩০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়। তিনি ফাক্রিকাটা এলাকার মৃত মাহামুদুল হাসানের ছেলে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬ হাজার টাকা। প্রতি পিস ইয়াবার মূল্য ৩০০ টাকা হিসেবে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
No tags found for this post.
মন্তব্য করুন