বান্দরবান শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এর অবস্থায় বেহাল। যে সড়কে অবস্থিত—সরকারি কলেজ, বান্দরবান বন বিভাগ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সদর হাসপাতাল ও ফায়ার সার্ভিস, জেলা কারাগার, জেলা স্টেডিয়ামসহ বিভিন্ন স্থাপনা। পৌর এলাকার কেয়াংয়ের মোড় হতে সদর হাপাতালের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নানা সমস্যায় জর্জরিত। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, স্বজন, চাকরিজীবী, ব্যবসায়ীসহ স্থানীয় হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করলেও সড়কটির প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়া সত্ত্বেও সড়কটির বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে এসব গর্তে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে পথচারী ও আশপাশের বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হয়।বিশেষ করে সদর হাসপাতালমুখী সড়ক হওয়ায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, রোগীর স্বজন এবং চিকিৎসাসেবা নিতে আসা মানুষের জন্য একটি ভালো ও নিরাপদ সড়ক অত্যন্ত জরুরি। সড়কের অবস্থা খারাপ থাকলে জরুরি মুহূর্তে যান চলাচলে ধীরগতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে, যা জনস্বাস্থ্যের দিক থেকেও উদ্বেগের বিষয়।অন্যদিকে, সরকারি কলেজে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী যাতায়াত করেন। শিক্ষার্থীদের নিয়মিত চলাচলের পাশাপাশি ফায়ার সার্ভিসের মতো একটি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সড়ক হওয়ায় এর গুরুত্ব আরও বহুগুণ বেশি। কোনো অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য ফায়ার সার্ভিসের যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।

স্থানীয় এক মোটরসাইকেল চালক রিয়াজ উদ্দিন বলছেন, একটি শহরের উন্নয়ন শুধু নতুন স্থাপনা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বিদ্যমান গুরুত্বপূর্ণ সড়কগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কারও নগর ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি সেবাকেন্দ্রের সঙ্গে সংযুক্ত সড়ককে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন।

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিক। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সড়কটি আবার দ্রুত নষ্ট না হয়, সেজন্য টেকসইভাবে সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক।

বান্দরবানের একটি গুরুত্বপূর্ণ জনপথ যদি বছরের পর বছর সংস্কারের অপেক্ষায় থাকে, তাহলে সেটি শুধু একটি সড়কের সমস্যা নয়—এটি শিক্ষা, স্বাস্থ্য, জরুরি সেবা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি নাগরিক সমস্যা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
No tags found for this post.
মন্তব্য করুন