আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসীদের সাংবিধানিক ও আইনগত স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ভূমির অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।
রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ আদিবাসী ফোরামের আয়োজনে আলোচনা সভা, গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, বাংলাদেশ বহু ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার দেশ। তবে আদিবাসীরা এখনো সাংবিধানিক স্বীকৃতি, ভূমি, ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অধিকার নিয়ে সংকটে রয়েছেন। তিনি আইএলও কনভেনশন ১০৭ বাস্তবায়ন এবং ১৬৯ অনুসমর্থনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতার স্বার্থে চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মানবাধিকার কর্মী খুশী কবির বলেন, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তাদের স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতি জরুরি। একই সঙ্গে ভূমির ওপর তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন, নির্যাতন বন্ধ এবং আইএলও কনভেনশন ১৬৯ অনুসমর্থনসহ আট দফা দাবি উত্থাপন করা হয়।
আরো পড়ুন→বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে আন্তজার্তিক আদিবাসী দিবস পালিত
No tags found for this post.
মন্তব্য করুন