মোহাম্মদ আজিজ উল্লাহঃআগামী রবিবার (২৬ডিসেম্বর) আসন্ন ৪ধাপের ইউপি নির্বাচন উপলক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে থানচি ও রোয়াংছড়িতে ২৪, ২৫ ও ২৬ডিসেম্বর পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।
বৃহষ্পতিবার (২৩ডিসেম্বর) জেলা প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানাগেছে, আগামী ২৬ডিসেম্বর রবিবার রোয়াংছড়ি ও থানচিতে ৪র্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুটি উপজেলার মধ্যে থানচিতে রয়েছে নাফাখুম, বড় পাথর ও রোয়াংছড়িতে দেবতাখুমসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। আর এসব পর্যটন কেন্দ্রে প্রতিদিন বেড়াতে আসে শতশত পর্যটক। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এ দুই উপজেলায় ৩দিনের পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।
এ বিষয়ে বান্দরবান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) সুরাইয়া আক্তার সুইটি এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা জেনেছি নির্বাচনের আগে বিভিন্ন বহিরাগতরা থানচির রেমাক্রীর নাফাখুম, ও রোয়াংছড়ির দেবতাখুমসহ বিভিন্ন পর্যটন স্পট দেখতে আসে। তাই আগামী ২৬ডিসেম্বর নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং নির্বাচনী সহিংসতা এড়াতে আগামীকাল শুক্রবার (২৪ডিসেম্বর) হতে রবিবার (২৬ডিসেম্বর) পর্যন্ত এসব পর্যটন কেন্দ্রে পর্যটকসহ সকল বহিরাগতদের ভ্রমনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন