রেমবো ত্রিপুরা, থানচি: বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ জনের মাঝে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির পক্ষ থেকে ত্রাণ ও গৃহস্থালি বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বলি বাজারের ভেজিটেবল সেট প্রাঙ্গণে বলিপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে, ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মাওসেতুং তংচংগ্যা, চনুমং মারমা, মো. জসিম উদ্দিন তুষার, লুসাইমং মারমা এবং বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ জনের প্রত্যেকের মাঝে পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় গৃহস্থালি বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনের খোঁজখবর নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মুহূর্তেই ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে অসহায় হয়ে পড়ে। এমন সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ানো শুধু সহায়তা নয়, এটি মানবিক দায়বদ্ধতারও অংশ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেন তিনি।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। ঘরবাড়ির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী হারিয়ে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এ অবস্থায় গৃহস্থালি সামগ্রী সহায়তা পাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি’র ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন