বান্দরবানে শুরু হতে যাচ্ছে ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। জেলার বিভিন্ন উপজেলার নারী ও পুরুষ ফুটবল দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় টুর্নামেন্টের খেলা শুরু হবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টায়, বান্দরবান পার্বত্য জেলা স্টেডিয়ামে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে জেলার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। টুর্নামেন্টে নারী ও পুরুষ দলের অংশগ্রহণের ফলে বান্দরবানের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
টুর্নামেন্ট ঘিরে মাঠে গোলের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে বান্দরবানবাসীকে পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
‘এসো মাঠে, দেখি খেলা—সম্প্রীতির বন্ধনে গড়ি সুন্দর বান্দরবান’—এই প্রত্যয়ে আয়োজিত টুর্নামেন্টটি বাস্তবায়ন করছে বান্দরবান রিজিয়ন। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বান্দরবান জোন। সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সম্মিলিত ক্রীড়া পরিষদ, বান্দরবান।

No tags found for this post.
মন্তব্য করুন