হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল এবং শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের যৌথ উদ্যোগে গতকাল ০৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো সংকীর্তন শোভাযাত্রা, আলোচনা সভা প্রভৃতি। রাতে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পালের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জগন্নাথ হলের আবাসিক শিক্ষক সঞ্জয় কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত প্রামানিক, হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষিকেশ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিত্যানন্দ পাল ও সদস্য-সচিব প্রসেনজিত বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, ইসকন বাংলাদেশের যুগ্ম-সাধারণ সম্পাদক জগদ্গুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী এবং শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক হীরেন্দ্র চন্দ্র সরকার বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সামাজিক ন্যায়-বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সমাজে আমরা হিংসা, বিদ্বেষ, হানাহানি ও স্বার্থপরতার বহিঃপ্রকাশ দেখতে পাই। এগুলো পরিহার করে ধৈর্য, পরমতসহিষ্ণুতা ও অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। মহামানবদের আদর্শ অনুসরণ করে সমাজ থেকে সকল অন্যায়, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন দূর করতে হবে। সত্য, ন্যায় ও সমতার ভিত্তিতে বৈষম্যহীন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
No tags found for this post.
মন্তব্য করুন