বান্দরবানের আলীকদম উপজেলা-এর মিয়ানমার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়ন-এ হাম রোগের প্রাদুর্ভাবে চরম দুর্ভোগে পড়েছে শিশু ও তাদের পরিবার। দুর্গম এই এলাকায় চিকিৎসা সেবার অভাব এবং যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।
শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন-এর দুই যুগ্ম-সমন্বয়কারী মানবাধিকার কর্মী জাকির হোসেন এবং অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকাগুলোতে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে গণপরিবহন না থাকায় আক্রান্ত শিশুদের আলীকদম সদর হাসপাতাল-এ নিয়ে আসা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবুও প্রতিদিনই হাসপাতালটিতে কুরুকপাতা ইউনিয়ন থেকে আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকদের সংখ্যা বাড়ছে।
স্থানীয় সূত্র ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, ইতোমধ্যে এই ইউনিয়নে হামে আক্রান্ত হয়ে অন্তত ৪ জন শিশুর মৃত্যু হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
এ অবস্থায়, হামের বিস্তার রোধ ও আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কুরুকপাতা ইউনিয়নে জরুরি ভিত্তিতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানান তারা। একই সঙ্গে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য ও নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্য প্রণোদনা কর্মসূচি চালুর আহ্বানও জানানো হয়।
পাশাপাশি, সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে এসে বেসরকারি উদ্যোগে মেডিকেল ক্যাম্প পরিচালনার জন্যও আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দুর্গম এই সীমান্তবর্তী এলাকায় হামের প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ নিতে পারে।
আরো পড়ুন→জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ


