বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে মিজানুর রহমান ওরফে ‘ইয়াবা ডন মিজান’ (২৭) গ্রেপ্তার হয়েছেন। তিনি একাধিক মাদক মামলার আসামি বলে জানা গেছে।
গত ১৮ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
গ্রেপ্তার মিজানুর রহমান ঘুমধুম মধ্যমপাড়া এলাকার মৃত আব্দু জাব্বারের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তকেন্দ্রিক ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় তিনি পলাতক আসামি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর মিজানুর রহমানকে নাইক্ষ্যংছড়ি থানার মামলা নম্বর-০২, তারিখ ০৩/১১/২০২৬ খ্রিষ্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় দায়ের করা মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে ঘুমধুম সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক কারবারিদের তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, মাদকের বিস্তার রোধে শুধু একজনকে গ্রেপ্তার করলেই হবে না; এর সঙ্গে জড়িত অন্য সহযোগী, পৃষ্ঠপোষক ও পলাতক আসামিদেরও তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
মিজানুর রহমানের গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার এবং নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, মাদকমুক্ত ঘুমধুম গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
No tags found for this post.
মন্তব্য করুন