রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে প্রশাসনের দেওয়া ৪৮ ঘণ্টার আশ্বাসে উত্থাপিত দাবিগুলো পূরণ না হওয়ার অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে আবারও দ্বিতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কাবারী অ্যাসোসিয়েশন।
বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কাবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমার বক্তব্য তুলে ধরা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি চলাকালে প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএস সন্ত্রাস গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবিগুলো বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছে সংগঠন দুটি।
যৌথ বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, সাজেকের মাচালং, ত্রিচালতি, নোয়াপাড়া, লালাবাক ও উজোয়াছড়ি এলাকায় সশস্ত্র তৎপরতা অব্যাহত রয়েছে। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তুলে ধরা হয়। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে দাবি সংগঠন দুটির।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং সশস্ত্র তৎপরতা বন্ধের দাবিতে বৃহস্পতিবার থেকে পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন, সংবাদপত্র বহনকারী গাড়ি এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত→রাঙ্গামাটিতে বেহাল সড়ক সংস্কারের দাবিতে গাছ ফেলে অবরোধ
No tags found for this post.
মন্তব্য করুন