রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবার, মাদক সেবন, চুরি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাঙামাটি কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, মাদক কারবারের অভিযোগে পিন্টু দাশ (৪০), মো. আলভী জাবরান প্রকাশ তানহা (৩৫) ও মো. জুয়েল (২৬)-কে গ্রেপ্তার করা হয়।মাদক সেবনের অভিযোগে মো. ইমরান (৩৮), মো. জাহেদ (২৯) ও অমর জ্যোতি চাকমা (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া চুরি সংগঠনের অভিযোগে মো. মোবারক হোসেন রায়হান (২৬) এবং সিআর গ্রেপ্তারি পরোয়ানামূলে জেসমিন বেগম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪, ৫, ৭ ও ৮ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন