পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপনে ধারাবাহিক মানবিক সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থান্দুই পাড়ায় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পাড়াবাসীসহ স্থানীয় সাধারণ জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্পেইন ও বড়দিনের প্রাক্কালে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আয়োজিত এ উদ্যোগে ১৬ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক এবং মেডিকেল অফিসার উপস্থিত থেকে জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পেইনের আওতায় এলাকার সাধারণ পাড়াবাসির পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতায় নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝেও বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং জীবনরক্ষাকারী ওষুধ প্রদান করা হয়। দুর্গম এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও ওষুধপত্র পেয়ে স্থানীয় সাধারণ মানুষ দারুণ উপকৃত হন।
এছাড়া আসন্ন বড়দিন উৎসবকে সামনে রেখে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে স্থানীয় গির্জার জন্য ২৫টি চেয়ার, ১টি সোলার প্যানেল, ১টি ব্যাটারি এবং ১টি সাউন্ড বক্স প্রদান করা হয়। সেনাবাহিনীর এমন আন্তরিক ও জনকল্যাণমূলক পদক্ষেপে থান্দুই পাড়ার স্থানীয় বাসিন্দারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই তাদের পাশে বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়েছে।
পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং শান্তি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। ভবিষ্যতেও পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।
No tags found for this post.
মন্তব্য করুন