“দেশের প্রকৃত মালিক জনগণ, আর সরকার জনগণের সেবক”—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনকল্যাণমুখী দর্শনের কথা তুলে ধরে এ মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
রোববার (২৩ আগস্ট) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্কিমের আওতায় প্রশিক্ষণ সনদ ও বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মীর হেলাল বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই হতে হবে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের কথা বলতেন, দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিতেন। তাঁর সেই দর্শন যেন হারিয়ে না যায়। সেই চিন্তা ধারণ করে পাহাড়ের মানুষের জন্য কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে ২০০ প্রশিক্ষণার্থীর হাতে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। দিনশেষে রাঙামাটি পার্কে উন্নয়ন বোর্ডের নির্মিত ওয়াচ টাওয়ার উদ্বোধন এবং রাঙামাটি প্রেস ক্লাব পরিদর্শন করেন তিনি।
No tags found for this post.
মন্তব্য করুন