রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে টানা ৪৪ দিন ধরে চলমান সড়ক অবরোধ কর্মসূচির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় কার্বারী, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষ। এই অবরোধকে ‘জনস্বার্থ পরিপন্থী’ ও ‘প্রসীতপন্থী ইউপিডিএফের সংকীর্ণ দলীয় ইস্যু’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহার এবং মূলহোতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সাজেক ইউনিয়নের দাঁড়িপাড়া স্কুল মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এলাকাবাসী ও স্থানীয় প্রতিনিধিদের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১১ অক্টোবর ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’ ও ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ নামে দুটি সংগঠন তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেয়। পরবর্তীতে ২৬ অক্টোবর সাজেকের উজোবাজারে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেন। সে সময় অবরোধকারীরা পাঁচ দফা দাবি উপস্থাপন করলে প্রশাসন চারটি দাবি মেনে নেয়। তবে ‘জেএসএস (সন্তু লারমা গ্রুপ)-এর সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়া’ সংক্রান্ত চতুর্থ দাবিটি অমীমাংসিত থাকায় তারা অবরোধ অব্যাহত রাখে।
লিখিত বক্তব্যে স্থানীয় কার্বারীরা জানান, গত ১০ নভেম্বর সাজেকের জনদুর্ভোগ বিবেচনায় ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর সভাপতি নতুন জয় চাকমা পদত্যাগ করে সংগঠনটি বিলুপ্ত ও অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত কার্বারীরা দাবি করেন, বাবুধন চাকমার নেতৃত্বাধীন ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ এবং জিকো চাকমার নেতৃত্বাধীন ‘সাজেক সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটি’-এর সাথে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। এগুলো প্রসীতপন্থী ইউপিডিএফের সৃষ্টি এবং তাদের দলীয় কর্মীদের দিয়ে পরিচালিত হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়।
বক্তারা বলেন, এটি প্রসীতপন্থী ইউপিডিএফ এবং জেএসএস-এর মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব, যার সাথে সাজেকের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। পূর্বে ২০২৪ ও ২০২৫ সালেও ‘উদয়পুর বাজার’ অবরোধ করে জুম চাষীদের দুর্ভোগে ফেলা হয়েছিল বলে বক্তব্যে উল্লেখ করা হয়।
চলমান অবরোধের ফলে সাজেকের ৫০টিরও বেশি গ্রামের হাজার হাজার মানুষ চরম মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গঙ্গারাম বাজার, উজোবাজার ও মাচালং বাজারকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে গেছে। লিখিত বক্তব্যে দাবি করা হয়, অবরোধের কারণে উপযুক্ত চিকিৎসার অভাবে গত ৭ নভেম্বর ওয়ারেন্টি ত্রিপুরা (২৬) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এছাড়া গত ১২ নভেম্বর সাজেক বনানী বৌদ্ধ বিহারের সামনে ১১টি মোটরসাইকেলের তার কেটে দিয়ে স্থানীয়দের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বাঘাইহাট, বাইবাছড়া, ডানে বাইবাছড়া, চামিনীছড়া ও গঙ্গারাম এলাকার সাধারণ নারী-পুরুষদের ভয়ভীতি দেখিয়ে পিকেটিং ও টায়ার জ্বালাতে বাধ্য করা হচ্ছে এবং কথা না শুনলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি তিনটি প্রধান দাবি জানানো হয়—অবিলম্বে এই সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক সড়ক যোগাযোগ ও জনসাধারণের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা এবং অবরোধের মূলহোতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
No tags found for this post.
মন্তব্য করুন