দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে আগামী ২৫ নভেম্বর রাঙামাটি আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু, এমপি। সফরকালে তিনি রাঙামাটিতে বিভিন্ন সরকারি কর্মসূচি, পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা থেকে ২৩ নভেম্বর প্রকাশিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, ২৫ নভেম্বর দুপুর ১২টায় রাঙামাটি পার্বত্য জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। দুপুর ১টা ৩০ মিনিটে চিংম্রং বৌদ্ধ বিহার ঘাটে উপস্থিত হয়ে ঘাট এলাকা পরিদর্শন করবেন। পরে দুপুর ২টা ৪৫ মিনিটে রাঙামাটি সার্কিট হাউজে পৌঁছাবেন তিনি।
বিকেল ৩টা ৩০ মিনিটে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর সার্কিট হাউজে অবস্থান ও স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সেখানে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন ২৬ নভেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন মন্ত্রী। দুপুর ১২টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
সফরসূচির শেষ পর্যায়ে দুপুর ১টা ১৫ মিনিটে সার্কিট হাউজে উপস্থিতি শেষে দুপুর ২টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে রাঙামাটি ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
দায়িত্ব গ্রহণের পর মন্ত্রীর প্রথম রাঙামাটি সফরে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা রয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন