পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরি’র একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের উপসচিব মোহাম্মদ রাশেদুল হক (পরিচিতি নম্বর-৮৩৯৩)। গত ২৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়। প্রেসিডেন্টের আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ রাশেদুল হককে তার বর্তমান পদ উপসচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, পদায়ন বিন্যস্ত) থেকে বদলিপূর্বক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
রাশেদুল হক ২০০৬ সালের ১ মার্চ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ লাভ করেন। একই বছরের ২ এপ্রিলে ইতিহাস বিষয়ের প্রভাষক হিসেবে খাগড়াছড়ি সরকারি কলেজে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। ২০১৬ সালের ১৪ নভেম্বর তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।
পদোন্নতির পর ২০১৬ সালের ২২ নভেম্বর থেকে ২০১৮ সালের ২৬ জুন পর্যন্ত রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজে ইতিহাস বিষয়ে অধ্যাপনা করেন তিনি। পরে তার চাকরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
২০১৮ সালের ৮ জুলাই তিনি ইনডিয়া প্রত্যাগত উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ক টাস্ক ফোর্স কার্যালয়, খাগড়াছড়িতে নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রেষণে যোগদান করেন। দীর্ঘ সময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তার।
পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি ইতিহাস বিষয়ে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। এরপর চলতি বছরের ১৭ আগস্ট ক্যাডার পরিবর্তনের মাধ্যমে সরকারের উপসচিব পদে নিয়োগ পান।
প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় নতুন দায়িত্বে রাশেদুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
No tags found for this post.
মন্তব্য করুন