রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় জাল উত্তরাধিকার সনদ দাখিল করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পাওয়ার চেষ্টার অভিযোগে সুমন তঞ্চঙ্গা নামে এক ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযুক্ত সুমন তঞ্চঙ্গা, তপন তঞ্চঙ্গার ছেলে। অভিযোগ অনুযায়ী, তিনি তাঁর চাচা মৃত সুভাষ তঞ্চঙ্গার ওয়ারিশ পরিচয়ে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পাওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় আবেদন করেন। এ সময় প্রকৃত ওয়ারিশদের নাম আড়াল করে জাল উত্তরাধিকার সনদ দাখিল এবং মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগ ওঠে।

আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করতে গিয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ আবু হুরায়রা আদর দাখিল করা উত্তরাধিকার সনদটি জাল বলে প্রমাণ পান।

এ ঘটনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪(১)(চ) ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্দেশ্যে তাঁকে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রকৃত অধিকারীদের কাছে পৌঁছে দিতে আবেদন ও দাখিল করা নথিপত্র যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেছে এ ঘটনা।

আরো পড়ুন→পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারটির পাশে পিসিসিপি সভাপতি আসিফ ইকবাল