বান্দরবান জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন এবং জীবন-জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এ কর্মসূচি “বান্দরবান জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের আত্মকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়ন এবং জীবন-জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং গবাদি পশু/হাঁস-মুরগি/ফলজ ও বনজ চারাগাছ ইত্যাদি বিতরণ প্রকল্প (জুলাই ২০২৫ – জুন ২০২৮)”-এর আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং উপকারভোগীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি চারাগাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হয়।
প্রধান অতিথি অধ্যাপক থানজামা লুসাই বলেন,পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং মানুষের টেকসই জীবিকা নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকল সুবিধাভোগীকে বিতরণকৃত চারাগাছ যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, এ ধরনের উন্নয়নমূলক কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে উল্লেখ করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদকে ধন্যবাদ জানান। তাদের মতে, ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, তেমনি ভবিষ্যতে পরিবারগুলো অর্থনৈতিকভাবেও উপকৃত হবে।
আরো পড়ুন→বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি