যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় স্থাপিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দারসহ জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মদান নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবিক বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত অতিথিরা জুলাই স্মৃতি স্তম্ভ পরিদর্শন করেন এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত