বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আলীক্ষ্যং এলাকায় একটি রাবার বাগানের শ্রমিক আবাসন থেকে ছয় রোহিঙ্গা রাবার শ্রমিককে অপহরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ইঝিরি এলাকার কাওছারের মালিকানাধীন রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে ওই শ্রমিকদের অপহরণ করা হয়।

শনিবার (৪ জুলাই) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অপহৃতরা রোহিঙ্গা শ্রমিক হওয়ায় তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও বাগান কর্তৃপক্ষ জানায়, অপহৃত শ্রমিকরা এর আগে পার্শ্ববর্তী বাবুল কোম্পানির মালিকানাধীন একটি রাবার বাগানে কাজ করতেন। সেখানে কাজ শেষ করে তারা কাওছারের রাবার বাগানে জঙ্গল পরিষ্কারের কাজে যোগ দেন। শুক্রবার রাতের কাজ শেষে তারা বাগানের স্টাফ কোয়ার্টারে অবস্থান করছিলেন। এ সময় ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল সেখানে প্রবেশ করে তাদের হাত বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, অপহরণকারীরা মুখে মাস্ক পরা এবং আগ্নেয়াস্ত্রে সজ্জিত ছিল।

পুলিশ জানিয়েছে, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

আরো পড়ুন→বান্দরবানে ২৯৩২ রোগী পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা