সম্ভাবনার পানছড়িকে নতুনভাবে সাজানো, উন্নয়নের ধারাকে আরও গতিশীল করা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার কনা।
উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
আজ বুধবার (২৫ নভেম্বর) পানছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আন্তরিক মতবিনিময়কালে এসব আশাবাদের কথা জানান নবনিযুক্ত ইউএনও।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, নাগরিক সুযোগ-সুবিধা ও নানা অসংগতির বিষয় তুলে ধরেন। বিশেষ করে জনসাধারণের ভোগান্তি, উন্নয়ন কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ইউএনও। উত্থাপিত বিষয়গুলো আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মতবিনিময়কালে ইউএনও মাসুমা আক্তার কনা পানছড়িকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নয়নমুখী উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধের পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করার কথা জানান তিনি।
তিনি বলেন, উপজেলার উন্নয়ন শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়; এ জন্য জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে যেকোনো ইতিবাচক উদ্যোগে সাংবাদিকদের পাশে থাকার পাশাপাশি তাঁদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।
অন্যদিকে, পানছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়ন, জনকল্যাণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।