বান্দরবানের আলীকদম উপজেলায় জুম চাষ করতে গিয়ে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত দুই ম্রো জুমচাষীর চিকিৎসা ও আর্থিক সহায়তায় পাশে দাঁড়িয়েছে আলীকদম সেনা জোন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আলীকদম সেনা জোনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আহতরা হলেন— উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বলাইপাড়া এলাকার মৃত মেনরাই মুরোর ছেলে নিয়াচং মুরো (নিরাচং মুরো) এবং চংরাই মুরোর ছেলে নুরিইক মুরো।

জানা যায়, গত ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বলাইপাড়া এলাকায় জুমের কাজ করার সময় বন্য শুকরের আক্রমণের শিকার হন তারা। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি জানার পরপরই মানবিক দৃষ্টিকোণ থেকে আহতদের সার্বিক খোঁজখবর নেওয়া শুরু করে আলীকদম সেনা জোন। তাদের উদ্যোগে চমেক হাসপাতালে আহতদের দ্রুত ভর্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে সেনা জোনের প্রতিনিধিরা চমেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজিম ইকবালের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, উন্নত চিকিৎসা পাওয়ায় আহত দুইজনের শারীরিক অবস্থার আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তবে তাদের মধ্যে একজনের হাতে হাড় ভেঙে যাওয়ায় (ফ্র্যাকচার) নিবিড় চিকিৎসা চলমান রয়েছে।

আলীকদম সেনা জোন জানায়, পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র মানুষের যেকোনো বিপদে সেনাবাহিনী সবসময় পাশে থাকবেন।