বান্দরবান জেলা ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশনের অধীনে পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্রগুলোর বরাদ্দ, স্থানান্তর, শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের বেতন উত্তোলনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন জেলা ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশনের উপপরিচালক (ডিডি) মো. সেলিম উদ্দিন এবং ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষক মেরি আক্তার।

একাধিক শিক্ষকের অভিযোগ, শিশু শিক্ষা কেন্দ্র বরাদ্দ, স্থানান্তর এবং শিক্ষকদের বেতন উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হয়। এমনকি টাকা না দিলে বেতন আটকে রাখা ও প্রশাসনিক অনুমোদনে স্বাক্ষর না করার হুমকিও দেওয়া হয়। অভিযোগের সমর্থনে প্রতিবেদকের হাতে এসেছে একাধিক ফোনালাপের অডিও রেকর্ড।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, উপপরিচালক মো. সেলিম উদ্দিনের নির্দেশে সেলাই প্রশিক্ষক মেরি আক্তার বিভিন্ন সময়ে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে আর্থিক সুবিধা দাবি করেন।

প্রতিবেদকের হাতে আসা একটি ফোনালাপের অডিওতে শোনা যায়, মেরি আক্তার ডিডি সেলিম উদ্দিনের ফোন থেকে কল করে একজন শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত ক্লাস না করার অভিযোগ তুলে ২ হাজার টাকা ‘চা খরচ’ দাবি করছেন। অন্যথায় ওই শিক্ষকের বেতন থেকে অর্ধেক টাকা কেটে নেওয়ার হুমকি দেন তিনি। ফোনালাপের সময় পাশে উপপরিচালক মো. সেলিম উদ্দিন উপস্থিতিও লক্ষ্য করা যায়।

অন্য একটি কথোপকথনে শিক্ষা কেন্দ্র স্থানান্তরের জন্য ৬ হাজার টাকা এবং কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ হাজার টাকা দাবি করেন মেরি আক্তার। এসব টাকা উপপরিচালক সেলিম উদ্দিনকে দিতে হবে বলেও মেরি আক্তারকে কথোপকথনে বলতে শোনা যায়।

বান্দরবান সদর উপজেলার ৪ নম্বর সুয়ালক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কাইচতলী এলাকায় একটি শিশু শিক্ষা কেন্দ্র বরাদ্দের ক্ষেত্রে ২০ হাজার টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। তবে উপপরিচালক সেলিম উদ্দিনের ভয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।

একই ইউনিয়নের পশ্চিম কাইচতলী এলাকায় শিক্ষক মো. শাহজাহানের দায়িত্বে পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্রটির বরাদ্দ নিয়েও অভিযোগ রয়েছে। শাহাজাহানের দাবি কেন্দ্রটি বরাদ্দ পাওয়ার জন্য ৮ হাজার টাকা দিতে হয়েছিল। তবে সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রটিতে নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি ও পাঠদান কার্যক্রম চালু রয়েছে।

এদিকে শিক্ষক মো. শাহজাহানের নিয়মিত বেতন উত্তোলন নিয়েও হয়রানি ও অর্থ দাবির অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, পশ্চিম কাইচতলী কেন্দ্রের বেতন উত্তোলনের জন্য উপপরিচালকের পক্ষে ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষক মেরি আক্তার ৬ হাজার টাকা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় তাঁর বেতন আটকে রাখা হয়েছে।

 

সুয়ালক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার একটি মসজিদে দুটি শিশু শিক্ষা কেন্দ্র পরিচালিত হওয়ার তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এর মধ্যে একটি কেন্দ্র বরাদ্দের জন্য ২০ হাজার টাকা এবং অন্যটির জন্য ৫ হাজার টাকা লেনদেন হয়েছে।

তবে সরেজমিন অনুসন্ধানে কেন্দ্র দুটিতে শিক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত নগণ্য দেখা গেছে। এতে কেন্দ্রগুলোর প্রকৃত কার্যক্রম, শিক্ষার্থী সংখ্যা এবং সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগকারীদের সরবরাহ করা আরেকটি ফোনালাপের অডিওতে উপপরিচালক মো. সেলিম উদ্দিনকে বলতে শোনা যায়, ‘মেরির সঙ্গে কথা বলে নাও, না হলে আমি স্বাক্ষর করব না।’

পরবর্তী সময়ে মেরি আক্তার সংশ্লিষ্ট এক শিক্ষককে ফোন করে বলেন, ‘স্যার (ডিডি সেলিম) ৬ হাজার টাকা চা খরচ দিতে বলেছেন, না হলে স্বাক্ষর করবেন না।’

অর্থ লেনদেনের অভিযোগের পাশাপাশি সেলাই প্রশিক্ষক মেরি আক্তারের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগও উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক অভিযোগ করেন, এক শিক্ষককে উদ্দেশ করে মেরি আক্তার বলেছেন, ‘আমি সব হুজুরকে আমার পায়ে ধরাবো।’ এ ধরনের বক্তব্যে শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি অভিযোগকারীদের।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষক মেরি আক্তার তা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, টাকা-পয়সার বিষয়ে তিনি কারও সঙ্গে কোনো কথা বলেননি এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

অন্যদিকে, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম উদ্দিনও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আপনারা হুজুরদের থেকে টাকা খেয়ে আমার বিরুদ্ধে লেগেছেন। আমি কারও কাছ থেকে টাকা নিইনি। আপনার কাছে তথ্য থাকলে প্রকাশ করে দেন। আমি এসব ভয় পাই না। আপনার যা মন চায় করেন। আপনি ভুয়া সাংবাদিকতা করেন মিয়া।’

ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্রগুলোতে ঘুষ ও আর্থিক অনিয়মের এমন অভিযোগে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, সুয়ালক ইউনিয়নের পশ্চিম কাইচতলী, পূর্ব কাইচতলী ও গয়ালমারাসহ বান্দরবান জেলার সব শিশু শিক্ষা কেন্দ্রের প্রকৃত অবস্থান, শিক্ষার্থী সংখ্যা, শিক্ষক উপস্থিতি, নিয়মিত পাঠদান এবং কেন্দ্র বরাদ্দ ও স্থানান্তরের পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

একই সঙ্গে অভিযোগে উঠে আসা ফোনালাপগুলোর সত্যতা যাচাই, অর্থ লেনদেনের অভিযোগ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করে দায়ীদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।