‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মাহাঃ ওয়াগ্যাই ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সোমবার (২৩ নভেম্বর) রাজবিলা রাবার ড্যাম মাঠে মাহাঃ ওয়াগ্যাই ফুটবল টুর্নামেন্ট উদযাপন কমিটির উদ্যোগে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা এলাকার উন্নয়ন চায় না, তারাই যুবসমাজকে মাদকাসক্ত করে ফেলে। মাদককে না বলে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের যুবসমাজকে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন,খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকায় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংখ্যাইমং মারমা (অন্তর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী ফোরাম বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উছোমং মারমা,জেএসএস বান্দরবান জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক উবাসিং মারমা, সাংবাদিক বাবুল খাঁন,বিশিষ্ট ব্যবসায়ী চাইশৈমং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বান্দরবানের রেইচা লাম্বাঘোনা ফুটবল দল ও রাঙ্গামাটির ডংনালা একাদশ। নির্ধারিত ৭০ মিনিটের লড়াইয়ে ২-১ গোলের ব্যবধানে রেইচা লাম্বাঘোনা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডংনালা একাদশ। রানারআপ হওয়ার গৌরব অর্জন করে রেইচা লাম্বাঘোনা ফুটবল দল।
খেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন লাম্বাঘোনা ফুটবল দলের চিংমংপ্রু। সেরা গোলদাতা নির্বাচিত হন ডংনালা একাদশের মংজাই মারমা। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন একই দলের প্রলং এবং সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন ডংনালা একাদশের হলামং মারমা।