জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে কৃষিবাস্তুসংস্থানভিত্তিক পদ্ধতির সম্প্রসারণ, কৃষকের নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতার ব্যবহার এবং বীজ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) মিলনায়তনে কারিতাস বাংলাদেশের আয়োজনে ‘কৃষিবাস্তুসংস্থানভিত্তিক পদ্ধতির মাধ্যমে উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময়বিষয়ক জাতীয় সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আফছার আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, ক্যাফোডের প্রতিনিধি রিচার্ড স্লোম্যান এবং এফসিডিওর মানবিক সহায়তা দলের প্রধান এলি মুডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) অপূর্ব ম্রং।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক দাউদ জীবন দাশ। গবেষণার ফলাফল উপস্থাপন করেন অস্ট্রিয়ার বাকু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাইকেল হাউজার।
গবেষণার ফলাফলে দেখা যায়, প্রকল্পভুক্ত পরিবারের ৯৮ শতাংশ কৃষক মাঠ বিদ্যালয়ে অংশগ্রহণ করেছেন এবং ৯৭ শতাংশ পরিবারের বীজ ব্যাংকে প্রবেশাধিকার ছিল। বিপরীতে, প্রকল্পের বাইরের পরিবারগুলোর ক্ষেত্রে এ হার ছিল মাত্র ৪ শতাংশ।
গবেষণায় আরও উঠে আসে, দুর্যোগ-পরবর্তী সময়ে প্রকল্পভুক্ত পরিবারের ৭৩ শতাংশ নিজেদের সঞ্চয় ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলা করেছে। অন্যদিকে, প্রকল্পের বাইরের পরিবারগুলোর ৫৪ শতাংশ ঋণ কিংবা বাকির ওপর নির্ভর করেছে। প্রকল্পভুক্ত পরিবারগুলো তুলনামূলক দ্রুত কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে সক্ষম হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় কৃষিপদ্ধতির পরিবর্তন এবং আয়ের উৎস বহুমুখীকরণেও তারা বেশি উদ্যোগী হয়েছে।
স্বাগত বক্তব্যে দাউদ জীবন দাশ বলেন, স্বাধীনতার পর থেকেই কারিতাস বাংলাদেশ দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রান্তিক ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজকের সেমিনারের মাধ্যমে ভবিষ্যতে দেশের দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নির্ধারণ করাই মূল লক্ষ্য।
সেমিনারে সাবেক উপদেষ্টা ও উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার বলেন, কারিতাস বাংলাদেশের গবেষণার ফলাফল বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের মানুষের জন্যও উপকারী হচ্ছে। জলবায়ু পরিবর্তন বর্তমানে বড় ধরনের দুর্যোগে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে কৃষিবীজ সংরক্ষণের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। কৃষকদের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি তাঁদের নিজস্ব বীজ তাঁদের কাছেই নিরাপদ রাখার ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী সময়ে ব্যবহারের জন্য আপৎকালীন বীজ সংরক্ষণ করা জরুরি। দুর্যোগকালে কৃষকদের জীবন ও তাঁদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তুলতে গিয়ে কৃষকদের নিজস্ব অভিজ্ঞতা ও ঐতিহ্যগত জ্ঞান যেন হারিয়ে না যায়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আবদুছ ছালাম বলেন, ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় এখন থেকেই সচেতন হতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে কার্যক্রম আরও জোরদার করতে হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি থেকে উত্তরণে প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগাতে হবে। কৃষিক্ষেত্রে খাদ্যবীজ সংরক্ষণেও প্রযুক্তির গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, দুর্যোগের সময় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ অঞ্চলে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কারিতাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম সরকারি পরিকল্পনা বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জলবায়ু বিশেষজ্ঞ, লেখক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা গভীরভাবে পর্যবেক্ষণ করে কার্যকর উদ্যোগ নিতে হবে। কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি মাটির প্রতি যত্নশীল হতে হবে। কৃষককে বাঁচাতে হবে এবং তাঁদের লোকজ জ্ঞানকে অগ্রাধিকার দিতে হবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) ড. কে এম মামুন উজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী কামরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব রাব্বানী এবং বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার। তাঁরা প্যানেল আলোচনায় অংশ নেন।
সমাপনী বক্তব্যে কারিতাস বাংলাদেশের পরিচালক অপূর্ব ম্রং বলেন, মাটি ও পরিবেশের সঙ্গে যাঁদের সরাসরি সম্পর্ক রয়েছে, তাঁদের সম্পৃক্ত করেই কারিতাসের কার্যক্রম পরিচালিত হয়। সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করাই তাঁদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের গবেষণার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সেমিনারে গবেষণার আলোকে এনজিও, দাতা সংস্থা ও নীতিনির্ধারকদের জন্য কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি কৃষিবাস্তুসংস্থানভিত্তিক কর্মসূচি সম্প্রসারণ, কৃষি প্রশিক্ষণের সঙ্গে দুর্যোগ প্রস্তুতি ও আগাম সতর্কতামূলক কার্যক্রমের সমন্বয়, কৃষক দল ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং সঞ্চয়, আয়ের বহুমুখীকরণ ও উৎপাদনশীল সম্পদ সুরক্ষার মাধ্যমে ঋণনির্ভরতা কমানো।
এ ছাড়া বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা, বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা-২১০০ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কাঠামোয় কৃষিবাস্তুসংস্থানভিত্তিক চর্চা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।