বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত অক্টোবর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য উদ্ধার, মামলা ও গ্রেপ্তারসহ সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে নাইক্ষ্যংছড়ি থানায় মোট ২৬টি মামলা হয়েছে, যার মধ্যে ১৬টি মাদকসংক্রান্ত। এসব ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধার ও সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির বিভিন্ন অভিযান ও আটক কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়। ৩৪ বিজিবি ও ১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন পণ্য জব্দের বিষয়েও আলোচনা হয়।

সভায় রাবার বাগানের প্রসেসিং কারখানায় অগ্নিনিরাপত্তা সনদ না থাকার বিষয়টি আলোচনায় উঠে আসে। পাশাপাশি ইউনিয়নভিত্তিক আইনশৃঙ্খলা কমিটির সভা নিয়মিত আয়োজন এবং কমিটির সব সদস্যের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, বাজার এলাকায় অবৈধ টমটমসহ বিভিন্ন যানবাহন যত্রতত্র পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল বলেন, নাইক্ষ্যংছড়িতে সাম্প্রতিক সময়ে বাইরে থেকে নতুন নতুন নামিদামি ও বিলাসবহুল গাড়ির প্রবেশের বিষয়টি তুলে ধরেন। এসব গাড়ি কারা, কী উদ্দেশ্যে এবং কেন সীমান্তবর্তী এ উপজেলায় আসছে, তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

এ ছাড়া সরকারি খাসজমি ও নদীর পাড়ে তামাক চাষের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দরা। সরকারি জায়গা দখল করে কিংবা নদীর তীরবর্তী এলাকায় তামাক চাষের ফলে পরিবেশ ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তুলে ধরে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সভায় বক্তব্য দিতে গিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি আব্দুল হামিদ সীমান্ত দিয়ে মাদক সরবরাহ ও পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, আরাকান আর্মি বাংলাদেশে মাদক সরবরাহ করছে এবং সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্রের মহড়া দেখিয়ে মাদক পাচার করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু, ১১ বিজিবির সহকারী পরিচালক শামীম, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) আসাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।