বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের রেইছা থলি পাড়া সইতঃ বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় আয়োজন দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৬।

রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে বিহার প্রাঙ্গণে স্থানীয় পাড়াবাসী দায়ক-দায়িকাবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে ও উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই মহোৎসব উদযাপিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এবং প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী থোয়াইচা প্রু মাস্টার। এছাড়াও বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকা,উপাসক-উপাসিকা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবে অংশগ্রহণ করেন।

উৎসবের অংশ হিসেবে পূজনীয় বৌদ্ধ ভিক্ষুসংঘের পরিচালনায় পবিত্র ধর্মীয় দেশনা অনুষ্ঠিত হয়। দেশনায় ভিক্ষুগণ তথাগত বুদ্ধের অমিয় বাণী, সদ্ধর্মের শাশ্বত আদর্শ, নৈতিক জীবনযাপন, মানবিক মূল্যবোধ এবং বৌদ্ধ দর্শনের তাৎপর্য গভীরভাবে তুলে ধরেন। একইসঙ্গে উপস্থিত পুণ্যার্থীদের প্রতি অহিংসা, মৈত্রী, করুণা ও পারস্পরিক সম্প্রীতির পথে জীবন পরিচালনা করার আহ্বান জানান।

দিনব্যাপী এই পুণ্যময় আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে ধর্মীয় চেতনা, ভ্রাতৃত্ববোধ ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।