বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভরাখালী এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বান্দরবান আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

প্রধান অতিথির বক্তব্যে কে এস মং বলেন, “আজকের এই আয়োজন কেবল ক্রীড়া, সাংস্কৃতিক পরিবেশনা কিংবা পুরস্কার বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।”

শিক্ষকদের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, “যেসব শিক্ষক স্বল্প বেতনেও নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার মতো মহান ব্রতকে এগিয়ে নিতে নিজেদের জীবন উৎসর্গ করছেন, তাঁরা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাঁদের এই অবদানকে যথাযথ সম্মান জানানো আমাদের সামাজিক ও নৈতিক কর্তব্য। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে একটি মানবিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের এই মহৎ উদ্যোগ অব্যাহত রাখতে হবে। কারণ, শিক্ষার আলোয় আলোকিত প্রজন্মই পারে একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ গঠন করতে।”

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সভাপতি, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব এম এ হাশেম রাজু।

উদ্বোধকের বক্তব্যে তিনি নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কে এস মং-এর উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে এম এ হাশেম রাজু বলেন, “নব্বইয়ের দশকে ঢাকার রাজপথের আন্দোলন-সংগ্রামে আমরা একসঙ্গে সহযোদ্ধা ছিলাম। আজকের এই মঞ্চে তাঁকে উপস্থিত দেখে আমি আবেগে আপ্লুত। তাঁর মতো একজন অভিজ্ঞ ও সংগ্রামী মানুষ উপস্থিত থাকলে আমাদের আর বেশি কিছু বলার প্রয়োজন থাকে না।”

সেসময়কার সংগ্রামের মূল লক্ষ্য তুলে ধরে তিনি আরও বলেন, “নব্বইয়ের দশকে রাজপথে আমাদের সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত করা।” তিনি অতীতের আন্দোলন-সংগ্রামের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে সুশিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বান্দরবানের চেয়ারম্যান মিজ নুইঙচিং মার্মা, ভরাখালী হাজী সাহেব মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শামশুল আলম এবং বান্দরবান আইডিয়াল স্কুলের সভাপতি মিজ রাবেয়া খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মনন ও শারীরিক সক্ষমতা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি,শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।