‎পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে বসবাসরত বিভিন্ন সম্প্রদায় ও ধর্মের মানুষের কল্যাণ নিশ্চিতকরণ, মানবিক সহায়তা প্রদান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

‎এরই ধারাবাহিকতায়, গত ১৬ নভেম্বর বান্দরবানের রুমা উপজেলার নিউ রোমানা পাড়ার এক বাসিন্দা নিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন এবং রাতেই টহল গাড়িযোগে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি তাঁর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তাও প্রদান করেন।

‎এছাড়া, রুমা উপজেলার এক অসহায় মায়ের সন্তানের জরুরি চিকিৎসার জন্য রুমা জোনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। অর্থাভাবে সন্তানের চিকিৎসা করাতে না পারা ওই মা সেনাবাহিনীর এমন সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎অন্যদিকে, রুমা উপজেলার সেগুম খামার পাড়ার ইসলামপুর জামে মসজিদের উন্নয়নকাজ পরিচালনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি বড়থলি ত্রিপুরা পাড়ার এক শিক্ষার্থীর হোস্টেল ফি পরিশোধের জন্যও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

‎বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায় ও ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে ভূমিকা রাখছে। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক ও পারস্পরিক আস্থার বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

‎রুমা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।