বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর উদ্যোগে চলমান মানবিক চিকিৎসাসেবা কার্যক্রমের ষষ্ঠ দফায় বিনামূল্যে ছানি অপারেশন শেষে চট্টগ্রাম থেকে বান্দরবান ফিরেছেন ৫০ জন সুবিধাবঞ্চিত রোগী।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চিকিৎসা শেষে রোগীরা বান্দরবানে ফিরে আসেন। এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) সকালে বান্দরবান সদর বাসস্ট্যান্ড থেকে বিশেষ ব্যবস্থাপনায় তাঁদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বনামধন্য চিকিৎসাপ্রতিষ্ঠান চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে নির্বাচিত ৫০ জন রোগীর ছানি অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এ বিনামূল্যের চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২০২৫ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন কে এস মং। এ কার্যক্রমের আওতায় এর আগে বান্দরবানের দুর্গম উপজেলা রোয়াংছড়ি ও রুমায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বান্দরবান সদর উপজেলার ষষ্ঠ দফায় ৫০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের আওতায় আনা হয়েছে।

চোখের চিকিৎসার মতো ব্যয়বহুল সেবা বিনামূল্যে পেয়ে উপকৃত হচ্ছেন পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষ। এ উদ্যোগ স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।