বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিহারের দায়ক-দায়িকাদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

দিনব্যাপী আয়োজনে বৌদ্ধ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও ধর্মীয় দেশনা অনুষ্ঠিত হয়। এ সময় বৌদ্ধ ভিক্ষুসংঘের পক্ষ থেকে উপস্থিত উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে বুদ্ধের অমিয় বাণী, সদ্ধর্মের তাৎপর্য এবং মানবজীবনে ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে দেশনা প্রদান করা হয়।

ধর্মীয় দেশনা শ্রবণ ও পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থী বিহার প্রাঙ্গণে সমবেত হন। পুরো অনুষ্ঠানজুড়ে পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আবহ বিরাজ করে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব শুভ কঠিন চীবর দানোৎসবের মধ্য দিয়ে শান্তি, মৈত্রী,করুণা ও প্রজ্ঞার বাণী ছড়িয়ে পড়ে পাহাড়ি জনপদে।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির সার্বিক মঙ্গল,মানুষের সুখ-শান্তি এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।