বান্দরবানের রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিলকরণের কাজে বিভিন্ন খরচের কথা বলে প্রায় ৩০০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মামুনুর রশিদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, এভাবে মোট প্রায় দেড় লাখ টাকা আদায় করা হয়েছে। তবে কী খাতে এ অর্থ ব্যয় হয়েছে, সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষকরা।

‎অভিযোগ সূত্রে জানা যায়, বান্দরবানের বনরূপা নিবাসী মাস্টার আবু হাসানের ছেলে মামুনুর রশিদ রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক হিসেবে কর্মরত। তিনি শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিলকরণের বিভিন্ন কাজের খরচের কথা বলে জনপ্রতি ৫০০ টাকা করে সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। এভাবে প্রায় ৩০০ জন শিক্ষকের কাছ থেকে মোট দেড় লাখ টাকা আদায় করা হয়েছে বলে দাবি তাঁদের।

‎ভুক্তভোগী কয়েকজন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা প্রত্যেকেই সংশ্লিষ্ট কর্মচারীর কাছে ৫০০ টাকা করে জমা দিয়েছেন। তবে কীসের খরচ বাবদ এই অর্থ নেওয়া হয়েছে, তা তাঁদের স্পষ্টভাবে জানানো হয়নি। শিক্ষকদের দাবি, শুরুতেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাক তাঁদের জানিয়েছিলেন, পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিলকরণের জন্য কোনো ধরনের অর্থ দিতে হবে না।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী শিক্ষক বলেন, “আমরা সবাই টাকা-পয়সা জোগাড় করে মামুনুর রশিদ ভাইয়ের কাছে জমা দিয়েছি। কিন্তু কীসের জন্য এই টাকা নেওয়া হয়েছে, তা আমাদের পরিষ্কার করে জানানো হয়নি। অথচ শিক্ষা কর্মকর্তা আগেই জানিয়েছিলেন, এসব কাজ করতে কোনো টাকা লাগবে না।”

‎তবে শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মামুনুর রশিদ। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিলকরণের কাজে কোনো টাকা লেনদেন করিনি। আমার হাতে কোনো অর্থ জমা হয়নি।”

‎এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী থোয়াই সাউ মার্মা বলেন, “এ ধরনের অভিযোগ শুনেছি। তবে অভিযোগের কতটুকু সত্যতা রয়েছে, তা আমার জানা নেই।”

‎অন্যদিকে, রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাক বলেন, “শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশন ও বকেয়া বিলকরণের কাজে কোনো টাকা লাগে না। আমাদের অফিসের কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের এক মাস আগেই জানিয়ে দেওয়া হয়েছে, এসব কাজ বিনা খরচে করে দেওয়া হবে। আমার নির্দেশ অমান্য করে কেউ অর্থ আদায় করে থাকলে এবং এর প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

‎সরকারি দাপ্তরিক সেবা বিনামূল্যে দেওয়ার নির্দেশনা থাকা সত্ত্বেও শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়ের এমন অভিযোগে স্থানীয় শিক্ষক মহলে উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের প্রকৃত সত্যতা উদ্ঘাটন, আদায় করা অর্থ কোন খাতে ব্যয় হয়েছে তা নিরূপণ এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।

‎