পার্বত্য অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবানের রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি লালন-পালন ও পরিচর্যাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন।
রুমা জোন সদরে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় প্রশিক্ষণার্থীদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, উপযুক্ত বাসস্থান তৈরি, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা এবং নিয়মিত পরিচর্যা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রুমা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ ছাকিবুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের গবাদিপশু ও গৃহপালিত পাখির সুষম খাদ্য সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, সময়মতো টিকাদান, রোগের লক্ষণ শনাক্তকরণ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে লাভবান হওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন লেফটেন্যান্ট আবু দাঊদ মোঃ ইমাদ উদ্দীন আওয়াব, কিউএম, ৩৬ বীর।
এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনে আগ্রহ সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প আয়ের উৎস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।