বান্দরবানে মানবিক সেবার অংশ হিসেবে "সুস্থ চোখ, সুন্দর জীবন" স্লোগানকে সামনে রেখে তৃতীয় দফায় সুবিধাবঞ্চিত ৫০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

১৬ নভেম্বর (সোমবার) সকালে বান্দরবান সদর বাসস্ট্যান্ড থেকে বিশেষ ব্যবস্থাপনায় এই রোগীদের চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। নির্বাচিত এসব রোগীর অপারেশন ও সার্বিক চিকিৎসা সেবা প্রদান করবে স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান 'চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল'।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এই মহতী চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাহাড়ের মানুষের চোখের আলো টিকিয়ে রাখতে ২০২৫ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কে এস মং। এর আগে বান্দরবানের অত্যন্ত দুর্গম উপজেলা রোয়াংছড়ি এবং রুমাতেও সফলভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বান্দরবান সদর উপজেলার রোগীরা এই সেবার সুযোগ পেলেন।

বিনামূল্যে চোখের আলো ফিরিয়ে পাওয়ার এই উদ্যোগ স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে।