বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিমিয়াপাড়া এলাকায় আদালতের নির্দেশ উপেক্ষা করে এক প্রবাসীর পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।
গত ১১ নভেম্বর ভোরে রাতের আঁধারে প্রবাসী আজগর আলীর জমি কবির আহমদ গং দখল করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর আজগর আলীর পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করেন কবির আহমদ ও তাঁর লোকজন। এ সময় আজগর আলীর পক্ষে তাঁর ভাইপো ইউসুফ প্রতিবাদ করলে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। যেকোনো সময় ওই জমি দখল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আজগর আলীর পক্ষে তাঁর ভাইপো বাদী হয়ে বান্দরবানের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৫৫/২০২৬। আদালত অভিযোগ আমলে নিয়ে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দেন। পাশাপাশি বিষয়টি তদন্তের জন্য বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শওকত জামিলকে দায়িত্ব দেওয়া হয়।
তবে মামলার তদন্ত চলমান থাকা অবস্থায় আদালতের নির্দেশ অমান্য করে কবির আহমদ গং পুনরায় ওই জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিটির রেকর্ডীয় মালিক আলী মিয়া। ওয়ারিশ সূত্রে তাঁর ছেলে আজগর আলী বিভিন্ন দাগে মোট ৬৫ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। এর মধ্যে ৩৫২৩ নম্বর দাগের ৫ শতক জমি নিয়ে কবির আহমদ গংয়ের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, নালিশি জমিতে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট করে দোকানঘর নির্মাণের উপযোগী করা হয়েছে। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে জমিটি তাঁদের ভোগদখলে রয়েছে। সম্প্রতি ওই ৫ শতক জমির ওপর কবির আহমদ গংয়ের নজর পড়ে এবং তা দখলের চেষ্টা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রবাসী আজগর আলী দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় জমি দখলের অভিযোগের বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শওকত জামিলের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।