বান্দরবান জেলা সদরের কালাঘাটা বড়ুয়ার টেক আম্রকানন গৌতম বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২৬তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।
শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, বুদ্ধপূজা, সংঘদান ও দানীয় সামগ্রী নিবেদনের মধ্য দিয়ে এ ধর্মীয় উৎসব উদ্যাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রকি বড়ুয়া, নোয়াপতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, ফোরামের বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উছোমং মার্মা, বাবুল খাঁন, প্রকৃতি বড়ুয়া, উবাসিং মার্মা, আবদুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব। বর্ষাবাস শেষে ভিক্ষুসংঘকে কঠিন চীবর দানের মধ্য দিয়ে এ উৎসবের ধর্মীয় তাৎপর্য প্রকাশ পায়। দান, শীল ও ভাবনার অনুশীলনের পাশাপাশি এ আয়োজন বৌদ্ধ ধর্মের অহিংসা, মৈত্রী, করুণা, মানবিকতা ও সম্প্রীতির আদর্শকে সমুন্নত রাখে।
উৎসবে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিহার প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আনন্দঘন ও পুণ্যময় পরিবেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্ত-উপাসকরা দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, মঙ্গল এবং কল্যাণ কামনা করেন।