বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় উপ্রু মার্মা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তবে তাঁর স্বামী বুবু মার্মা পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুমখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জুমখোলা এলাকার বাসিন্দা বুবু মার্মা (৩৫)-এর বসতঘরে অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এ সময় ঘরের ভেতরে থাকা একটি ছোট গোপন কক্ষ থেকে তিন কাট বা ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
অভিযানকালে উপ্রু মার্মাকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী বুবু মার্মা পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় একজন নারীকে আটক করা হয়েছে। তবে তাঁর স্বামী পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মাদক ও অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। মাদক ও অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।