জাতীয় বাজেট প্রণয়নে নাগরিক সমাজের প্রত্যাশা, স্থানীয় জনগণের প্রয়োজন ও পার্বত্য অঞ্চলের বিশেষ বাস্তবতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে বান্দরবানে রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও উন্নয়নকর্মীদের অংশগ্রহণে গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বান্দরবানের হোটেল ডি-মোরে ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: বান্দরবান পরিপ্রেক্ষিত’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।

একশনএইড বাংলাদেশের সুশীল প্রকল্প ও প্রথম আলোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংলাপে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, পরিবেশবিদ, সাংবাদিক ও উন্নয়নকর্মীরা অংশ নেন।

সংলাপে আলোচক ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৩৪-এর সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য জসীম উদ্দিন, বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুচ সালাম আজাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক মেহেদি হাসান, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পরিবেশবিদ ও সমাজকর্মী জুয়ামলিয়ান আমলাই বম, ইউএনডিপি বান্দরবানের ব্যবস্থাপক খুশীরায় ত্রিপুরা, জেলা পরিষদের সাবেক সদস্য ম্যাম্যানু মারমা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাবেক পরিচালক নুক্রাচিং মারমা, হেডম্যান-কার্বারী কল্যাণ পরিষদ বান্দরবানের সভাপতি উনিহ্লা, টঙ্কাবতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংইয়ং ম্রো, উন্নয়নকর্মী ও খুমি জনগোষ্ঠীর নেতা লেলুং খুমি, একশনএইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি বিভাগের লিড মরিয়ম নেছা এবং প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক ও সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুর জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।

সংলাপে জাতীয় বাজেট প্রণয়নে বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রত্যাশা, স্থানীয় উন্নয়ন চাহিদা এবং নাগরিক সমাজের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় স্থান পায়।