সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে সিএইচটি সম্প্রীতি জোটের স্থায়ী কমিটির সদস্য ও প্রধান সমন্বয়কারী থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) সংগঠনটির স্থায়ী কমিটির চেয়ারম্যান ইঞ্জি. শাহাদাৎ ফরাজী সাকিব স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে থোয়াইচিং মং শাকের বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে অভিযোগ পাওয়া গেছে যে, তিনি বাংলাদেশের হিন্দু ও চাকমা সম্প্রদায়কে উদ্দেশ্য করে আপত্তিকর ‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের ‘র’-এর এজেন্ট ও ‘ভারতের দালাল’ হিসেবে আখ্যায়িত করেছেন।
নোটিশে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য সংগঠনের আদর্শ, নীতি ও শৃঙ্খলার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী। এসব বক্তব্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অসন্তোষ সৃষ্টি করতে পারে।
এ অবস্থায় উত্থাপিত অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে সিএইচটি সম্প্রীতি জোটের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সভাপতি বরাবর লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।